আনুষ্ঠানিকভাবে ভারতের অধিনায়কত্ব পাবার পর থেকে এখন পর্যন্ত রোহিত শর্মার অধীনে দলটি ১২টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৩টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ ছিল এবং সবকটিতেই জয় পেয়েছে ভারত। সর্বশেষ শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে তারা।
গতকাল রবিবার হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রানের মোটামুটি স্কোর দাঁড় করাতে সক্ষম হয় দলটি। জবাবে খেলতে নেমে ১৯ বল ও ৬ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
দলটির পক্ষে সর্বোচ্চ ৭৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়াস আইয়ার। ৪৫ বলে সাজানো তার ইনিংসটিতে ছিল একটি ছক্কা ও ৯টি চারের মার। এর আগের দুটি ম্যাচেও ম্যাচজয়ী ইনিংস খেলেন এই ব্যাটার। তাইতো ম্যাচসেরার পাশাপাশি হয়েছেন সিরিজ সেরা খেলোয়াড়ও।
এছাড়া রবীন্দ্র জাদেজা ২২, দীপক হুদা ২১ ও সঞ্জু সামসন ১৮ রান করেন। লঙ্কান বোলারদের মধ্যে লাহিরু কুমারা ২টি এবং দুষ্মেন্তা চামিরা ও চামিকা করুণারাত্মে একটি করে উইকেট নেন।
এর আগে দলটির পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। মাত্র ৩৮ বলে সাজানো তার অপরাজিত ইনিংসটিতে ছিল ২টি ছক্কা ও ৯টি চারের মার। এছাড়া দীনেশ চান্দিমাল ২২ ও চামিকা করুণারাত্মে ১২ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে আভিশ খান ২টি এবং মোহাম্মদ সিরাজ, হার্শাল প্যাটেল ও রবি বিষ্ণই একটি করে উইকেট শিকার করেন।
