গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে পঞ্চম দিনের মতো ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। দুই পক্ষের মধ্যে ইউক্রেনের বিভিন্ন প্রান্তে চলছে তুমুল লড়াই। এদিকে চলতি সপ্তাহের শেষ দিকে করা এক জরিপে দেখা গেছে, ইউক্রেনের মানুষের কাছে গত বছরের ডিসেম্বরের চেয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জনপ্রিয়তা তিন গুণ বেড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, রেটিং সোশিওলজিক্যাল নামের একটি গোষ্ঠী ইউক্রেনে রুশ হামলা চলাকালে জেলেনস্কির জনপ্রিয়তা যাচাইয়ের জন্য জরিপটি করেছে।
এই জরিপে দেখা গেছে, এতে অংশ নেওয়া ৯১ শতাংশ মানুষ জেলেনস্কিকে সমর্থন করছেন। সমর্থন করেন না ৬ শতাংশ। আর ৩ শতাংশ সিদ্ধান্তহীনতায়।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হামলা কতটুকি প্রতিহত করার সুযোগ- জরিপে অংশগ্রহণকারীর কাছে জানতে চাওয়া হলে ৭০ শতাংশ বলেন, তাঁদের বিশ্বাস, প্রতিহত করা সম্ভব।
এছাড়া জরিপে দেখা যায়, রুশ আগ্রাসন শুরু হওয়ার পর শুধু ইউক্রেনের সাধারণ মানুষ নয়, দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যেও জেলেনস্কির জনপ্রিয়তা বেড়েছে।
ইউক্রেনের দুই হাজার মানুষের মতামতের ভিত্তিতে জরিপটি করা হয়েছে। বিবিসি।
