লিটনের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৯

আজও অধিনায়ক তামিম ইকবালের ব্যাট জ্বলে উঠতে ব্যর্থ। ওপেনিংয়ে নেমে শুরুতে বেশ স্ট্রাগল করতে দেখা যায় তাকে। পরে মাত্র ১১ রান করে বিদায় নেন। এবারও তার শিকারি ফজল হক ফারুকি। তবে এবার এলবিডব্লিউ নয়, বোল্ড হয়েছেন টাইগার অধিনায়ক।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৪৩ রান। এর পরই টাইগার শিবিরে আঘাত হানেন আফগান পেসার ফজল হক ফারুকি। ১১তম ওভারের প্রথম বলেই তামিম ইকবালকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি।

এরপর ক্রিজে নামেন সাকিব আল হাসান। অপর ওপেনার লিটন দাসকে সঙ্গে নিয়ে সতর্কতার সঙ্গে রানের চাকা এগিয়ে নিতে থাকেন তিনি। এরই মধ্যে অর্ধশতক পূর্ণ করেন লিটন। ব্যাট করছেন ৫৯ রানে। অপরপ্রান্তে, সাকিবও ভালোই ব্যাট করছিলেন। কিন্তু তাকে কিছুটা দুর্ভাগাই বলতে হবে। ২২তম ওভারের চতুর্থ বলে আজমতুল্লাহ উমরজাইয়ের ডেলিভারি ডিফেন্স করেন সাকিব। কিন্তু সেই বলটি ব্যাটে লাগার পর এক বাউন্স খেয়ে স্ট্যাম্পে গিয়ে লাগে। এতে লিটনের সঙ্গে তার ৬১ রানের দারুণ জুটির সমাপ্তি ঘটে। আউট হওয়ার আগে ৩৬ বলে ৩০ রান করেন সাকিব।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্কোর ২৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান। মুশফিক অপরাজিত আছেন ১ রান

ইত্তেফাক/টিএ