'তুরস্কের তৈরি ড্রোনে রাশিয়ার কনভয় উড়িয়ে দিলো ইউক্রেন'  

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৫

তুরস্কের তৈরি ড্রোনে রাশিয়ার স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ডেইলি মেইল। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কনভয়ে দুইটি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 

 ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিকলা ওলেশচুক ফেসবুকে বলেন, বায়রাকতার টিবি২ ড্রোন ব্যবহার করা হয়েছে। তিনি এসব ড্রোনকে 'জীবন দানকারী' হিসেবে উল্লেখ করেছেন। 

ইউক্রেনীয় দূতাবাসের টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ডজনের বেশি গাড়ি বহন করা রাশিয়ার কনভয় একটি বিশাল আগুনের গোলায় ভস্মীভূত হয়ে টুকরো টুকরো হয়ে গেছে।

এই ফুটেজ কিয়েভ থেকে প্রায় ৬০ মাইল উত্তর-পশ্চিমে মালিন শহরের কাছে ধারন করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। 

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ইউক্রেনের দক্ষিণে চোরনোবাইভকা শহরে একটি হামলা চালানো হয়েছে। গত কয়েক দিন ধরে এই অঞ্চলে তুমুল লড়াই চলে। 

রাশিয়ার কনভয়ে ইউক্রেনের হামলা। ছবি সংগৃহীত

ইউক্রেনের দূতাবাসের টুইটারে আরও বলা হয়েছে, 'কাঁটা ছাড়া গোলাপ হয় না। রাশিয়ান হামলাকারীকে বায়রাকতার টিবি২ ড্রোনের আঘাত সহ্য করতে হবে।' 

এছাড়া গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেন বাহিনী আরেকটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, ইউক্রেনের দক্ষিণের শহর খেরসনে রাশিয়ান কনভয়ে ড্রোন হামলা চালানো হয়েছে। 

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ২০১৯ সালে ইউক্রেনে তুরস্কের তৈরি এসব ড্রোনের প্রথম চালান আসে। ডেইলি মেইল। 

ইত্তেফাক/এসআর