ইউক্রেন থেকে শিক্ষার্থীদের উদ্ধারে ৪ মন্ত্রীকে পাঠাচ্ছেন মোদি 

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৬

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দুই দেশের মধ্যে চলছে তুমুল লড়াই। এতে করে দেশটিতে অধ্যয়নরত বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আটকে পড়েন। ইউক্রেনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে এর মধ্যে ১৮ হাজার ভারতীয় শিক্ষার্থী রয়েছে। 

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে চার মন্ত্রীকে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সূত্র জানিয়েছে, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে সহযোগিতা করার জন্য চার কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে পাঠাচ্ছেন মোদি। 

মন্ত্রী হরদীপ পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু ও ভিকে সিং ভারতের বিশেষ দূত হিসেবে ইউক্রেনের আশেপাশের দেশগুলোতে যাবেন। 

ইউক্রেন সঙ্কট ও দেশটি ত্যাগ করতে চাওয়া ভারতীয়দের উদ্ধারের বিষয়ে আজ সকালে বৈঠকে বসেন মোদি। শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে সভাপতিত্ব করেন। 

সূত্র জানিয়েছে বৈঠকে মোদি বলেছেন, 'শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া একটি অগ্রাধিকার।' 

এনডিটিভি জানিয়েছে, প্রায় ১৬ হাজার ভারতীয় শিক্ষার্থী ইউক্রেনে আটকা পড়েছে। এসব শিক্ষার্থী সীমান্তে, বাঙ্কার, বোমা আশ্রয়কেন্দ্র ও হোস্টেলের বেসমেন্টে লুকিয়ে আছে। 

ইত্তেফাক/এসআর