করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ ২ বছর পর কুড়িগ্রাম-রমনা রেলপথে ট্রেন চলাচল শুরু হচ্ছে। মঙ্গলবার (১ মার্চ) সকাল ৮ টায় চিলমারীর রমনা রেলস্টেশন থেকে নতুন করে রমনা কমিউটার নামে ট্রেনটি রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে লালমানিরহাট ডিভিশনের রেল সহকারী ট্রাফিক সুপারিটেনডেন্ট আবু তাহের।
করোনার কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে সারাদেশের মতো এই রুটেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই রুটে দীর্ঘদিন ধরে চলাচলকারী পার্বতীপুরগামী একমাত্র রমনা লোকাল ট্রেনটি এই অঞ্চলের মানুষের জন্য স্বল্প মূল্যের টিকিটে নিয়মিত চলাচল করত। কিন্তু করোনার প্রকোপ কমে গেলে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও নানা কারণে এ রেলপথে দীর্ঘ দুইবছর ট্রেন চলাচল বন্ধ রাখে রেলওয়ে কর্তৃপক্ষ।
লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নতুন নামে চালু হওয়া কমিউটার ট্রেনটি এখন থেকে বিকালে লালমনিরহাট-কাউনিয়া-কুড়িগ্রাম-কাউনিয়া-রমনা এবং সকালে রমনা-কুড়িগ্রাম-কাউনিয়া-রংপুর-লালমনিরহাট রেলপথে যাতায়াত করবে। মূলত রংপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সংযোগকারী শাটল ট্রেন হিসেবে কমিউটার নাম নিয়ে এটি যাতায়াত করবে বলে জানা গেছে।
রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সহসভাপতি ও রেলপথ আন্দোলনের নেতা আব্দুল কাদের জানান, এটা মূলত রংপুর এক্সপ্রেসের সংযোগকারী শাটল ট্রেনটিকে কমিউটার ট্রেন নামে চালানোর একটি উদ্যোগ। যে শিডিউলে এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে তাতে কয়েকদিন পর লোকসানের অজুহাত দেখিয়ে এটি আবারও বন্ধ করার অপচেষ্টা রয়েছে বলে আমরা মনে করছি। তিনি স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ট্রেনের যাত্রীবান্ধব সময়সূচি নির্ধারণের দাবি জানান।
বাংলাদেশ রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিটেনডেন্ট আবু তাহের জানান, আশা করছি মঙ্গলবার (১ মার্চ) সকাল ৮টা থেকে রমনা রেলপথে কমিউটার ট্রেনটি যাত্রা শুরু করবে।
