জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত উপাচার্য হিসেবে রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আলম।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাবির পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলমকে নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব প্রদান করা হলো।
উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়ে অধ্যাপক মো. নুরুল আলম ইত্তেফাককে বলেন, বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলে নিয়ে একসঙ্গে কাজ করবো। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।
এর আগে, ২০১৮ সালের ১৪ আগস্ট অধ্যাপক নুরুল আলমকে উপ-উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।
অধ্যাপক ড. মো. নুরুল আলম ১৯৫৭ সালে ঢাকা জেলার ধামরাই থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পাস করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে স্নাতক ও ১৯৭৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৮২ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন।
