চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের অভিযানে হত্যা, অস্ত্র, মাদকসহ ১০ মামলা ও ৩ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম দেলোয়ার হোসেন (৪২)।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানা এলাকার রেইচার গোয়ালিয়া ঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যা, অস্ত্র, মাদকসহ ১০ মামলা ও ৩ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি দেলোয়ার হোসেন বান্দরবান জেলার সদর থানার রেইচা ২নং ওয়ার্ডের দোলিয়াবাগ গোয়ালিয়া ঘোনা এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার কাছ থেকে পাওয়া তথ্যে খাগরিয়ার বসতঘর সংলগ্ন পূর্ব পাশে পরিত্যক্ত ঘরের ভেতরে উত্তর পূর্ব কোণে লাকড়ির ভেতর থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুজন কুমার দে অস্ত্রসহ ১৩ মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন দাখিল করা হচ্ছে।
