পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৪ বছর পর পাকিস্তানে গেলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেখানে পা রাখতে না রাখতেই অনলাইনে মৃত্যু হুমকি পেয়েছেন স্পিনার অ্যাশটন অ্যাগার। যদিও তা খুব একটা আমলে নিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ড।
অজি ক্রিকেটাররা সেটাকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন। মঙ্গলবার (১ মার্চ) সংবাদ সম্মেলনে স্টিভেন স্মিথ জানালেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই তার মনে।
পাকিস্তানে রাষ্ট্রপতি মর্যাদার নিরাপত্তা পাচ্ছে অজি ক্রিকেটাররা। আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে স্মিথ বলেন, ‘আমরা জানি, অনলাইনে অনেক রকম খবর ছড়াতেই পারে। এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতেই পারে। এখানে আমাদের সঙ্গে অনেকে কাজ করছেন। পাকিস্তানে আমরা নিরাপদ। এখানে খেলতে এসে ভালো লাগছে। আমরা অনেকেই প্রথম বার এখানে এসেছি। দারুণ উৎসাহ সকলের মধ্যে। আমরা জানি, পাকিস্তানিরা ক্রিকেট নিয়ে কতটা আবেগপ্রবণ।’
