ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতকের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
আজ বুধবার (২ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নিউ মার্কেট থানা পুলিশ বিক্ষোভকারীদের নীলক্ষেত মোড় থেকে সরিয়ে দেয়।
এর আগে, দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। সাত কলেজে স্নাতকের তিন হাজার ফাঁকা আসনে ভর্তির দাবিতে তারা এই বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের কারণে তখন যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবি, সাত কলেজের মোট আসনের মধ্যে প্রায় তিন হাজার আসন ফাঁকা রয়েছে। এই ফাঁকা আসন রেখেই ভর্তি কার্যক্রম স্থগিত করা হচ্ছে। অবিলম্বে এসব শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করতে হবে।
আন্দোলনকারীরা বলেন, বিষয় মনোনয়নের সময় উল্লেখ ছিল সাত কলেজের মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি। কিন্তু চূড়ান্ত মনোনয়নের পর ২৩ ফেব্রুয়ারি হঠাৎ জানানাে হয়, সাত কলেজে মোট ২৩ হাজার ২৬২ আসনে ভর্তি নেওয়া হয়েছে। এটি যুক্তিসঙ্গত নয়। এতে শিক্ষার্থীদের প্রতি প্রশাসন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য এটি হতাশাজনক।

শিক্ষার্থীদের নীলক্ষেত সড়ক অবরোধ