খাগড়াছড়ির রামগড়ে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক শিশু শিক্ষার্থী (১১) ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষক যুবককে আটক করেছে।
পুলিশ ও ভিকটিমের পরিবার জানায়, রামগড় পৌরসভার দারোগাপাড়ার বাসিন্দা ১১ বছরের ঐ শিশু কন্যা তাদের এক প্রতিবেশীর সঙ্গে শুক্রবার রাতে পার্শ্ববর্তী ফেনী নদীতে মাছ ধরতে যায়। এ সময় (রাত ৮টার দিকে) বাবলু (৩১) নামে এক যুবক ঐ মেয়েটিকে মহামুনি এলাকায় নদীর চরে ধর্ষণ করে।
ধর্ষক বাবলু চট্টগ্রামের বায়োজিত থানার আঁতুরেরডিপো এলাকার কবির আহম্মদের পুত্র। রামগড়ের দারোগাপাড়ায় তার শ্বশুরবাড়ি। সে পেশায় হকার। এক সন্তানের জনক। প্রতিবেশী হওয়ায় ঘটনার শিকার ওই বাবলুকে দুলাভাই ডাকে। মেয়েটি বাসায় ফিরে তার মাকে ঘটনাটি জানানোর পর প্রতিবেশীদের সহায়তায তারা বাবলুকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বাবলু জানায়, সে তার স্ত্রী ও ঐ মেয়েটিকে সঙ্গে নিযে ফেনী নদীতে মাছ ধরতে যায। স্ত্রী মাছ ধরতে ধরতে সামনে এগিয়ে গেলে সে তার সঙ্গীয় মেয়েটিকে নদীর চরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তবে ভিকটিম অভিযোগ করেছে বাবলু তাকে ধর্ষণ করেছে।
আরও পড়ুনঃ মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কেন্দ্রে নানা অভিযোগ
রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মো: আব্দুল হান্নান জানান, জিজ্ঞাসাবাদে ভিকটিম পুলিশের কাছে বলেছে বাবলু তাকে ধর্ষণ করেছে। ভিকটিমকে মেডিকেল চেকআপ করার জন্য শনিবার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ভিকটিমের পরিবার মামলা রুজুর প্রস্তুতি নিচ্ছে।
ইত্তেফাক/নূহু
