হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নিপুণের আপিল

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১২:২৭

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ আক্তার।  

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। নিপুণের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করার আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

জায়েদের রিটে জারি করা রুল যথাযথ করে বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি এ রুল শুনানি শুরু হয়। 

আদালতে জায়েদ খানের পক্ষে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করীম ও নাহিদ সুলতানা যুথী। নিপুণ আক্তারের পক্ষে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট রোকনউদ্দিন মাহমুদ ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।

ইত্তেফাক/কেকে