রাশিয়ার কত পারমাণবিক অস্ত্র আছে?

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৮:০২

রাশিয়ার পারমাণবিক অস্ত্রকে 'বিশেষ' সতর্কতায় থাকার জন্য প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ নিয়ে বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, ওই নির্দেশের মধ্য দিয়ে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এমন ইঙ্গিত দেওয়ার বদলে তিনি হয়ত আসলে বিশ্বের অন্য দেশগুলোকে এক ধরনের বার্তা দেয়ার চেষ্টা করেছেন যে তারা যেন ইউক্রেন ইস্যুতে বেশি তৎপরতা না দেখায়।  

প্রায় ৮০ বছর ধরেই পারমাণবিক অস্ত্র আছে পৃথিবীতে, এবং একে এক ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখা হয়, মানে এটি রাষ্ট্রসমূহের জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে কাজ করে। 

রাশিয়ার কত পারমাণবিক অস্ত্র আছে?

পারমাণবিক অস্ত্রের হিসাবের পুরোটাই এখনো অনুমানভিত্তিক, কিন্তু ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্ট বলছে, রাশিয়ার ৫ হাজার ৯৭৭টি নিউক্লিয়ার ওয়ারহেড, মানে যে ডিভাইসটি পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারে, সেটি আছে।

এর মধ্যে প্রায় দেড় হাজার ওয়ারহেডের মেয়াদ উত্তীর্ণ এবং সেগুলো বাতিল করে দেওয়ার কথা। 

বাকি সাড়ে চার হাজার কিংবা তার চেয়ে কিছু বেশি সংখ্যক ওয়ারহেডের মধ্যে বেশিরভাগ কৌশলগত পারমাণবিক অস্ত্র- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বা রকেট, যা দূরপাল্লার হামলা চালাতে সক্ষম।

এগুলো সাধারণত পারমাণবিক যুদ্ধের সাথে সম্পর্কিত অস্ত্র। বাকি অস্ত্রসমূহ ছোট বা কম বিধ্বংসী পারমাণবিক অস্ত্র যা স্বল্প-পাল্লা বা কম দূরত্বের- মূলত যুদ্ধক্ষেত্রে বা সাগরে ব্যবহারযোগ্য অস্ত্র। 

তবে এর মানে এই না যে রাশিয়ার হাজার হাজার দূরপাল্লার পারমাণবিক অস্ত্র প্রস্তুত আছে। 

বিশ্লেষকেরা মনে করেন, এই মূহুর্তে রাশিয়ার প্রায় ১৫০০ ওয়ারহেড মোতায়েনকৃত অবস্থায় আছে, যার অর্থ হচ্ছে সেগুলো ক্ষেপণাস্ত্র ও বোমারু ঘাঁটি এবং সমুদ্রে সাবমেরিনে বসানো আছে। বিবিসি।

 

 

ইত্তেফাক/এসআর