রাজধানীর পল্লবীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র, কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলকে (৪২) ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় একটি মামলা করা হয়। মামলার প্রধান আসামি করা হয় রফিকুল ইসলাম রুবেলকে। এই মামলায় তিনি এখন কারাগারে রয়েছে। এর আগে গতকাল (বুধবার) মিরপুর-১১ নম্বরের বি ব্লকের মিল্লাত ক্যাম্পের সামনে থেকে রুবেলকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, বুধবার মিরপুর-১১ নম্বর মিল্লাত ক্যাম্পের সামনে ১১ পুরিয়া হেরোইন ও ৭৫ পিস ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন মাদক কারবারি রুবেল। এর কিছু সময় পর গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার এসআই জহির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মাদকসহ রুবেলকে আটক করেন।
এ বিষয়ে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম ইত্তেফাক অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ ১১ পুরিয়া হেরোইন ও ৭৫ পিস ইয়াবাসহ রুবেলকে আটক করা হয়। বর্তমানে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
