ভাঙ্গায় এমপি নিক্সন চৌধুরীর ৪৪তম জন্মদিন পালন 

আপডেট : ০৩ মার্চ ২০২২, ২০:৩০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন-এর ৪৪তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় ৪৪ পাউন্ড ওজনের কেক কেটে জন্মদিনটি পালন করেন নেতা-কর্মীরা। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র আমাদের সকলের জনপ্রিয় নেতা মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করছি। একইসঙ্গে ফরিদপুর-৪ আসনের উন্নয়নের রূপকার, মূল্যায়ন এর রূপকার গণমানুষের নেতা নিক্সন চৌধুরী ২০১৪ সালের ফরিদপুর-৪ আসনের এমপি নির্বাচিত হওয়ার পর তার এসব অবদান জনগণ আজীবন মনে রাখবেন।  

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান। তিনি বলেন, ফরিদপুর-৪ আসনের সাংসদ নিক্সন চৌধুরী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে অ্যাডভোকেট শাহনেওয়াজ ফেসবুকে যে কটুক্তিমূলক কার্টুন প্রচার করেছেন তার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় ভাঙ্গা থানার আওয়ামী লীগের নেতা মেহেদী পারভেজ চন্দন বাদী হয়ে তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। মামলার সূত্র ধরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডভোকেট শাহনেওয়াজকে পুলিশ আটক করে। তার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

নিক্সন চৌধুরীর ৪৪তম জন্মদিনে আরও উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বাস মালিক সংগঠনের নেতা-কর্মী ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ শত শত নেতা-কর্মী। এ সময় সবাই নিক্সন চৌধুরীর দীর্ঘায়ু কামনা করেন। 

ইত্তেফাক/এএএম