সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন জ্বলছে: জেলেনস্কি

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১০:৪০

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। এর পরই বিশ্বকে এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন যে, রাশিয়ানরা ইচ্ছাকৃতভাবে জাপোরিঝিয়া প্ল্যান্টের ছয়টি চুল্লিতে তাপীয় ইমেজিং দিয়ে সজ্জিত ট্যাঙ্ক ব্যবহার করে গুলি করেছে। ১৯৮৬ সালের চেরনোবিলে বৈশ্বিক বিপর্যয়ের কথা মনে করিয়ে দিয়ে সতর্ক করে তিনি বলেন, জাপোরিঝিয়ায় জলাবদ্ধতার পরিণতি আরও খারাপ হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘ইউরোপীয়রা, দয়া করে জাগোন। আপনাদের রাজনীতিবিদদের বলুন যে, রাশিয়ান বাহিনী ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে গুলি করছে।’ জেলেনস্কি আরও বলেন, তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও পোল্যান্ডের নেতাদের এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সংস্পর্শে আছেন। একই সঙ্গে সাধারণ নাগরিকদের তাদের নিজস্ব রাজনীতিবিদদের সতর্ক করার আহ্বান জানিয়েছেন।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান প্রোপাগান্ডা অতীতে সতর্ক করেছিল যে, তারা বিশ্বকে পারমাণবিক ছাইয়ে ঢেকে দেবে। এখন এটি কেবল একটি সতর্কতা নয়, এটি বাস্তব।’

ইত্তেফাক/টিএ