৩৫ খণ্ডে প্রকাশ পেলো সৈয়দ শামসুল হকের রচনাসমগ্র

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১০:৫৯

প্রকাশনা সংস্থা ঐতিহ্য ৩৫ খণ্ডে প্রকাশ করেছে বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমুদয় রচনার সমগ্র। প্রকাশের পর বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে সৈয়দ হকের পরিবারের হাতে তুলে দেন ঐতিহ্য-এর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম।

এ সময় বক্তব্য রাখেন সৈয়দ শামসুল হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক ও ছেলে দ্বিতীয় সৈয়দ হক। গুলশানে সৈয়দ হকের বাসভবন ‘মঞ্জুবাড়ি’র খোলা আঙিনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘পরিবারের হাতে রচনাসমগ্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সৈয়দ হককে নিয়ে প্রকাশনা অনুষ্ঠান মনে হয় এর আগে আর হয়নি। এতে আমার খুব খুশি। লেখকের রচনা সমগ্র প্রকাশিত হতে দেখি আর দেখি তার পরিবারের সদস্যদের বলা হয় না। এরচেয়ে কষ্টের কিছু নেই। ঐতিহ্য আমাদের সে সম্মান দিয়েছে। আমরা মনে করি এখন পাঠক সহজেই বিচিত্র-বর্ণাঢ্য সৈয়দ শামসুল হকের বহুধা-বিস্তৃত সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত হতে পারবেন।’

সৈয়দ শামসুল হকের পুত্র দ্বিতীয় সৈয়দ হক বলেন, ‘বাবা সবসময় লেখার মধ্যে ছিলেন, মানুষের পক্ষে ছিলেন। যে বাড়িতে তিনি বহু লেখা লিখে গেছেন, সে বাড়িতে তাঁর রচনাসমগ্র প্রকাশকের পক্ষ থেকে তাঁর পরিবারের কাছে তুলে দেয়া হচ্ছে- এটা আমাদের জন্য ভীষণ আনন্দের।’

ঐতিহ্য-এর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম বলেন, ‘ঐতিহ্য ১৯১১২ পৃষ্ঠার ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র প্রকাশ করে যা বাংলাদেশের প্রকাশনা জগতের ইতিহাসে নতুন রেকর্ড। গত বছর সৈয়দ হকের মৃত্যুবার্ষিকীতে রচনাসমগ্র প্রকাশের চুক্তি করি। এরপর গত ছয় মাস ঐতিহ্য-এর পুরো টিম ২৪ ঘণ্টা কাজ করেছে। সে কারণেই এত দ্রুত এ সমগ্র পাঠকের হাতে তুলে দেওয়ার সুযোগ পাওয়া গেল।’

তিনি জানান, এ সংগ্রহে পরবর্তী সময়ে আরও তিনটি খণ্ড যুক্ত হতে পারে।

এরপর রচনাসমগ্রের অগ্রিম গ্রাহকদের মধ্য থেকে কয়েকজনের হাতে ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র তুলে দেন আনোয়ারা সৈয়দ হক এবং আরিফুর রহমান নাইম।

অমর একুশে বইমেলায় ঐতিহ্য-এর ৩৫ নং প্যাভিলিয়নে সৈয়দ শামসুল হক রচনাসমগ্র পাওয়া যাবে।

ইত্তেফাক/এসজেড