বাগেরহাটের মোরেলগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী ও সন্তানকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ধর্ষক রিয়াজ সিকদারকে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬।
শুক্রবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য জানান। ২ মার্চ গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের একটি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ২ মার্চ রাতের খাবার খেয়ে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে এক দল দুর্বৃত্ত মাটির ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে। পরে তার ছেলে ও তাকে ধারালো অস্ত্রের মুখে হাত-পা বেঁধে লেপ দিয়ে ঢেকে রেখে তার স্ত্রীকে অন্য ঘরে নিয়ে যায়। নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, শাড়ি ও শুকনা সুপারিসহ মোট ১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকার মালামাল ডাকাতি করে। ডাকাতি শেষে ঐ গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে একজন ডাকাতের মুখের কাপড় সরে গেলে ভুক্তভোগী ঐ নারী ডাকাতকে শনাক্ত করতে সক্ষম হন। এরপর রাত সাড়ে ৩টার দিকে ডাকাতির মালামাল নিয়ে সরে পড়ে ডাকাতরা।
তিনি বলেন, এ ঘটনায় র্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে ওই চাঞ্চল্যকর ধর্ষণ ও ডাকাতি মামলার অন্যতম আসামি বাগেরহাটের কচুয়া থানার টেংরাখালী গ্রামের বাগমারা খেয়াঘাট এলাকায় অবস্থান করছে। ৩ মার্চ রাতে র্যাব-৬-এর সদর কোম্পানি খুলনার একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
