আফগানদের লক্ষ্য ১১৬

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৬:৪৯

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ। সেই সিদ্ধান্ত মোটেও কাজে আসেনি স্বাগতিকদের। আফগান বোলারদের কাছে সহজ উইকেট দিয়ে বাংলাদেশ ১১৫ রানে থেমেছে। উইকেট হারিয়ে নয়টি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহীম ৩০ রান। তিনি ছাড়া শুধু মাহমুদুল্লাহ ২০ রানের গণ্ডি পেরিয়েছেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আজমাতুল্লাহ ওমারজাই।

প্রথম ম্যাচে শুরুর ধাক্কা সামাল দিয়েছিলেন লিটন কুমার দাস। কিন্তু আজকের ম্যাচে ব্যর্থ হলেন তিনি। পাওয়ার প্লে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণেই রাখতে সক্ষম হয়েছে সফরকারী আফগানিস্তান।

তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার আউট হয়েছেন ১০ বলে ৪ রান করে। ফর্মে থাকা লিটন দাস ছক্কা হাঁকালেও ১০ বলে ১৩ রান করেই সাজঘরে ফিরেছেন। এরপর নবম ওভারে ১৯ বলে ১৩ রান করে আউট হন নাইম শেখ। সাকিব আল হাসান সাজঘরে ফেরার পর মুশফিক ও মাহমুদুল্লাহ কিছুক্ষণ লড়াই করলেও বেশীক্ষণ স্থায়ী হতে পারেননি। হাল ধরতে পারেননি আফিফ ও মাহেদি হাসানও।

ইত্তেফাক/টিআর