শুরুর আঘাতের পরও শক্ত অবস্থানে আফগানিস্তান

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৭:২৯

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ। সেই সিদ্ধান্ত মোটেও কাজে আসেনি স্বাগতিকদের। আফগান বোলারদের কাছে সহজ উইকেট দিয়ে বাংলাদেশ ১১৫ রানে থেমেছে। উইকেট হারিয়ে নয়টি।

আফগান ইনিংসের শুরুতে মারকুটে ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন শেখ মেহেদি হাসান। দ্বিতীয় ওভারে ৩ রান করে সাজঘরে ফেরেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫.৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। বাকি ১৪.৩ ওভারে করতে হবে আরও ৮৬ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে পারতেন জাজাই। আগের ম্যাচের নায়ক নাসুম আহমেদের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন এ বাঁহাতি ওপেনার। কিন্তু নন স্ট্রাইক প্রান্তের উইকেটের সামনে থেকে নিজের বোলিংয়ে আসা ক্যাচটি হাতের তালুতে রাখতে ব্যর্থ হন নাসুম। ফলে শূন্য রানেই জীবন পেয়ে যান জাজাই। তবে জাজাইয়ের মতো ভাগ্য সুপ্রসন্ন ছিল না গুরবাজের।

শেখ মেহেদি হাসানের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই লেগ বিফোরের আবেদন হয়েছিল গুরবাজের বিপক্ষে। আম্পায়ারও আউট দেন। তবে রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচান এ তরুণ। তাতে অবশ্য তেমন ফায়দা হয়নি তার।

কেননা এক বল পরেই টপ এজ হয়ে এক্সট্রা কভারে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন ৩ রান করা গুরবাজ। শুরুতে উইকেট পড়লেও সামলে নিয়েছে আফগান ব্যাটাররা। জাজাই ও উসমান গনি ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছেন লক্ষ্যের দিকে।

ইত্তেফাক/টিআর