নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার রপ্তানিমুখী সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড নামের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে আগুনের লাগার ঘটনা ঘটে। পোশাক কারখানার দুইতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভবনের ডাইং ও সুতা তৈরির বিভাগে আগুন পৌঁছলে মুহুর্তের মধ্যেই কারখানাজুড়ে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঢাকা, ডেমরা, হাজীগঞ্জ ও কাঞ্চন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর রাত সোয়া ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রূপগঞ্জ থানার এসআই আব্দুল করিম বলেন, রাত ৮টায় কারখানার শ্রমিকদের ছুটি হয়ে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পোশাক কারখানার ডাইং বিভাগের কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আগুনে সুতা, কাঁচামাল, মেশিনপত্র ও উৎপাদিত পণ্য ভস্মীভূত হয়। তবে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট রাত সোয়া দশটায় আগুন নিয়ন্ত্রণে আনে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ও পরিবেশ অনুকূলে থাকায় ঘটনার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
