ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় নাজিম (২৫) ও নাজেল (২৬) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (৫ মার্চ) দিনগত রাতে সদর উপজেলার চিনাইর-আখাউড়া সড়কে এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এনামুল নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত নাজেল শহরের কলেজ পাড়ার ওমর আলীর ছেলে ও নাজিম দাতিয়ারা এলাকার মামুন ভুঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে তিন বন্ধু নাজিম, নাজেল ও এনামুল মোটরসাইকেলযোগে আখাউড়া যাওয়ার পথে চিনাইর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত এনামুলকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
