পুতিনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ৩ ঘণ্টা বৈঠক 

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৩:০৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। শনিবার মস্কোয় এ বৈঠকে মিলিত হন তারা। ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই বৈঠকে বসলেন দুই সরকার প্রধান। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে এই বৈঠক। খবর আল জাজিরা।

ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্যই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেনেট। এমনটি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র। ওই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধে মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছে ইসরায়েল।

পুতিনের বৈঠকের পর টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন বেনেট।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, বৈঠকের পর বেনেট জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এর সঙ্গে সাক্ষাতের জন্য বার্লিনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। 

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়। এক দিন পরই রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে ঢোকে রুশ সেনারা। 

এদিকে ইউক্রেনে দখলকৃত দুই শহর মারিউপোল ও ভলনোভাখায় আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। শনিবার (৫ মার্চ) দেওয়া এক ঘোষণায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা শহর থেকে যেন মানবিক করিডোর বের হতে পারে, সে জন্য এ সিদ্ধান্ত। তবে ইউক্রেন অভিযোগ করেছে, দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও তা মানা হচ্ছে না।