প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনীর কাছে হারের পর শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ড্র করেছিল মোহামেডান। গতকাল (৫ মার্চ) আরেকটি বড় বাধা পার করলো ম্যাচ হেরে। ঢাকায় বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-০ গোলে হেরেছে মোহামেডান। ২০ মিনিটে ২ গোল হজম করে। ১১ মিনিটে সুমন রেজা এবং ১৯ মিনিটে ব্রাজিলিয়ান রবসনের গোল। খেলা শেষে মোহামেডানের ইংলিশ কোচ শনলেন আফসোস করলেন ওই ২০ মিনিট নিয়ে। স্টেডিয়াম থেকে বেরিয়ে টিম বাসে ওঠার সময় শনলেন বললেন, ‘প্রথম ২০ মিনিট কোনো খেলাই খেলতে পারেনি। কী পরিকল্পনা দিলাম আর কী খেললো। আপনি দেখুন, আমরা দ্বিতীয়ার্ধে ১০ নিয়ে খেললাম। গোল হজম করিনি।’
মাঠের খেলার চেয়ে গ্যালারিতে মারামারি চোখে পড়েছে। পিটিয়ে দর্শক আহত করার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বসুন্ধরার শক্তির কাছে মোহামেডানকে কোনোভাবেই তুলনা করা যায় না। কিংসের এমন খেলোয়াড়ও রয়েছেন লিগে, যার ৭০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আর মোহামেডানের জার্সি গায়ে এমন খেলোয়াড়ও রয়েছেন, এবারই প্রথম লিগ খেলছেন। বসুন্ধরার মতো বড় দলের বিপক্ষে কায়সার হামিদের ছেলে অনভিজ্ঞ সাদাত হামিদকে অভিষেক করানো হয়েছে।
বসুন্ধরার একাদশ নড়বড়ে। ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন ব্রাজিলিয়ান জনাথন। তপু বর্মণ নেই। ইরানের খালেদ শাফি নেই। বসনিয়ার এস্টোজেনের কুচকিতে ব্যথা। রিজার্ভ বেঞ্চ ভালো বলে মোহামেডানের বিপক্ষে জিততে কষ্ট করতে হয়নি। সুমন রেজাকে একাদশে নেওয়া হয়েছিল। প্রথম গোলটা করে জাতীয় দলে ঢুকতে নিজের আস্থা বাড়িয়ে নিলেন। তারিক কাজী এসেছেন। হলুদ কার্ডের কারণে ছিলেন না সোহেল রানা, নেমেছিলেন মাহাদী। গোল করিয়েছেন তিনি। আর ১৯ মিনিটে রবসন একাই তেড়েফুড়ে ঢুকে ম্যাচের দ্বিতীয় গোল করেন ২-০। অপ্রতিরোধ্য রবসনকে ঠেকাতে দ্বিতীয়ার্ধের শুরুতেই অনিক হোসেন লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। রবসনের কাছেই হেরে গেছে মোহামেডান।
