কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৩:০০

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৬ মার্চ) রাত ৮ টার দিকে বিলগাথুয়া সংলগ্ন ভারত-বাংলাদেশের ১৫১/৬ (এস) সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন (৩৫) সীমান্তবর্তী প্রাগপুর ইউপির বিলগাথুয়া গ্রামের মৃত আকবর আলী বিশ্বাসের ছেলে। তার লাশ বর্তমানে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে।

দৌলতপুর থানার ওসি জাবিদ হাসান বিষয়টি ইত্তেফাক অনলাইকে নিশ্চিত করেছেন।

প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল তার পরিবারে বরাত দিয়ে জানায়, লিটন ভারত থেকে পণ্য এনে দেশে বিক্রি করতেন। শনিবার রাত ৮টার দিকে ভারত থেকে পণ্য নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ফিরছিলেন। তার সঙ্গে একই পেশায় নিয়োজিত আরও কয়েকজন বাংলাদেশি ছিলেন।

দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান, ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানা থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের পাঠানো ছবি দেখে লিটনের পরিচিতি নিশ্চিত হওয়া গেছে।

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোর্শেদ জানান, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাদের পক্ষ থেকে এখনও কোন জবাব পাওয়া যায়নি।

ইত্তেফাক/এমআর