ইতিহাসের ৬ষ্ঠ ক্রিকেটার হিসেবে জাদেজার অনন্য রেকর্ড

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৪:৪৯

মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে অনন্য এক রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেছেন ১৭৫ রানের অনবদ্য অপরাজিত ইনিংস। পরে বল হাতে শিকার করেন পাঁচ উইকেট। যার সাহায্যে এখন ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছে ভারত।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে এক টেস্টে ১৫০+ স্কোর ও বল হাতে পাঁচ উইকেট শিকারের রেকর্ড ছিল পাঁচ জনের। তারা হলেন- ভিনু মানকদ, ডেনিস অ্যাটকিনসন, পলি উমরিগার, গ্যারি সোবার্স এবং মুশতাক মোহাম্মদ। এবার সেই তালিকায় ৬ষ্ঠ ক্রিকেটার হিসেবে যোগ হলেন রবীন্দ্র জাদেজা।

রবিবার (৬ মার্চ) টেস্টের তৃতীয় দিন শেষ খবর পাওয়া পর্যন্ত ইনিংস পরাজয় এড়াতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮৬ রান। ইনিংস হার এড়াতে তাদের আরও করতে হবে ৩১৪ রান। অন্যদিকে, লঙ্কানদের অলআউট করতে পারলেই জয় পাবে রোহিত শর্মার দল।

ইত্তেফাক/টিএ