'ইউক্রেনের যুদ্ধ বছর না হলেও কয়েক মাস ধরে চলবে' 

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৯:১৮

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে আজ রবিবার (৬ মার্চ) পর্যন্ত টানা ১১ দিনের মতো দুই দেশের মধ্যে চলছে লড়াই। এরি মধ্যে যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বছর না হলেও অন্তত কয়েক মাস ধরে চলবে। বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

স্কাই নিউজে দেওয়া একটি সাক্ষাৎকারে রাব বলেছেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন যাতে ব্যর্থ হন, সেজন্য বন্ধু দেশগুলোর কৌশলগত মনোভাব দেখানো উচিত। 

এদিকে, ইউক্রেনে যুদ্ধের বিরুদ্ধে ফের রাশিয়ার বহু শহরে বিক্ষোভ দেখা দিয়েছে। ওভিডি-ইনফো নামের একটি মনিটরিং গ্রুপ জানিয়েছে, রাশিয়ার ২১টি শহরে ৬০০ এর বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার বন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।

মনিটরিং গ্রুপটি স্থানীয় গণমাধ্যমের খবরের ভিত্তিতে বলছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরে ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/এসআর