ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আজ রবিবার (৬ মার্চ) পর্যন্ত টানা ১১ দিনের মতো চলছে সংঘাত। দেশ দুইটি সংঘাত বন্ধে এখন পর্যন্ত দুই দফায় শান্তি আলোচনার জন্য বৈঠক হয়েছে। এরি মধ্যে খবর এসেছে, রুশ স্পাই হওয়ার অভিযোগে ইউক্রেনীয় এক শান্তি মধ্যস্থতাকারীকে হত্যা করা হয়েছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডেনিস কিরিভ (৪৫) নামে ওই মধ্যস্থাকারী একজন সাবেক ব্যাংক কর্মকর্তা। 'জাতিকে রক্ষার' জন্য এক অভিযানে তিনি নিহত হয়েছে।
ডেনিসের মৃত্যুর পর ইউক্রেন সরকার তাকে 'হিরোর' তকমা দেয়। কিন্তু দেশটি সাংসদরা দাবি করে, 'রাষ্ট্রদ্রোহ' সন্দেহে গ্রেফতারে বাধা দেওয়ার পর ইউক্রেনের নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি শান্তি আলোচনার সময় কিরিভকে ইউক্রেনের প্রতিনিধিদের পাশে বসে থাকতে দেখা গেছে। যদিও তিনি ইউক্রেনের প্রতিনিধির তালিকায় ছিলেন না। একই সঙ্গে এই আলোচনার বৈঠকে তার ভূমিকাও পরিষ্কার ছিলো।
তবে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই কিরিভের গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে। উভয় দেশই তাকে পরস্পরের হয়ে কাজ করার জন্য দুষছেন।
রাশিয়ার প্রাভদা সংবাদপত্র জানিয়েছে, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা কাছে কিরিভের সন্দেহভাজন বিশ্বাসঘাতকতার 'স্পষ্ট প্রমাণ' রয়েছে। যার মধ্যে টেলিফোন বার্তাও আছে।
