‘ঢাবির জন্য অ্যালামনাইদের অবদান খুবই নগণ্য’

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৩:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয়টির এ্যালামনাইদের (সাবেক শিক্ষার্থী) অবদান খুবই নগণ্য বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো এ্যালামনাইদের অর্থায়নে পরিচালিত হয়। কিন্তু  ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তার এ্যালামনাইদের অবদান খুবই নগণ্য। আমাদের এখানে এ্যালামনাইরা নিজ বিশ্ববিদ্যালয়ে অনুদান দেয়ার কল্পনাই করেনা। আমাদের এখানে দেয়ার মতো লোক আছে। এ লোকগুলোর মানসিকতা দরকার, দিয়ে যাওয়ার মানসিকতা। আমরা যা দিয়ে যাবো তাই আমাদের স্মরণ রাখবে।' 

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন কোষাধ্যক্ষ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে শতবর্ষ বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২২ শীর্ষক এ বৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থীকে যদি বৃত্তির আওতায় আনতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৮ হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করতে হবে। তার জন্য বিপুল অর্থের প্রয়োজন, এটি সম্ভব। পরিসংখ্যান অনুযায়ী, সরকারির আমলার ৪৭ শতাংশ ও কর্পোরেট হাউজের অর্ধেকেরও বেশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই। এ্যালামনাইরা যদি এগিয়ে আসে তাহলে বৃত্তি প্রদান সম্ভব। ইতিহাস বিভাগের মতো প্রত্যেক বিভাগ যদি এগিয়ে আসে তাহলে আমাদের প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষাজীবনের সম্পূর্ণ খরচ দেয়া সম্ভব।, 

তিনি আরও বলেন, '২০১৬ সালে ম্যানচেস্টার এয়ারপোর্টে একটা বিলবোর্ড দেখে অবাক লাগলো, বিলবোর্ডটি ছিলো ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি হিসেবে একক সর্বোচ্চ অনুদান এক ভদ্রলোকের। যার পরিমাণ ১৫০ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশের কেউ কল্পনাও করেনা।' 

অনুষ্ঠানে বাংলাপিডিয়ার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, 'আমাদের চিন্তা করতে শিখতে হবে। আমরা যত বেশী চিন্তা করা শিখতে পারবো তত বেশী নতুন নতুন ধারণা আমাদের মধ্যে তৈরি হবে। আমাদের মধ্যে যত বেশী নতুন ধারণার জন্ম হবে আমরা তত বিশিষ্ট নাগরিক হয়ে উঠতে পারবো। আর আমরা যত বেশী বিশিষ্ট নাগরিক হয়ে উঠতে পারবো আমাদের সমাজ তত বেশী সুন্দর হয়ে উঠবে।' 

ইতিহাস বিভাগের প্রভাষক সজীব কুমার বণিকের সঞ্চালনায় ও চেয়ারম্যান অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আঞ্জুমানে মফিদুল ইসলামের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ প্রমুখ।

উল্লেখ্য বিভাগটি ১৭টি ট্রাস্ট ফান্ডের বিপরীতে ২০৮ জন শিক্ষার্থীকে চলতি বছর বৃত্তি প্রদান করে।

ইত্তেফাক/এআই