ইসরায়েল আমার দ্বিতীয় ঘর ছিল, এখন হয়তো প্রথম। এমনটিই বলছিলেন ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ইসরায়েলে আশ্রয় নেওয়া অ্যানা। তার মতো এরকম কয়েকশো ইহুদী রুশ আগ্রাসন থেকে নিজেদের রক্ষায় ইসরায়েলে আশ্রয় নিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, অন্তত ৩০০ জন ইহুদী ইউক্রেন থেকে ইসরায়েলে আশ্রয় নিয়েছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনে অবস্থানরত ২ লাখ ইহুদীর একই পরিণতি হতে পারে। রাশিয়ায় আছে ৬ লাখ ইহুদী। তাদেরও নিজ দেশ ছেড়ে ইসরায়েল চলে যেতে হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
কিয়েভ থেকে ইসরায়েলে আশ্রয় নেওয়া অ্যানা বলেন, আমি খুবই আবেগপ্রবণ হয়ে আছি। আমি শুধু নিরাপদ অনুভব ও একটু ঘুমোতে চাই। আমি জানি এখানে নিরাপদ অনুভব করবো।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নাফতালি বেনেতকে বিমানে থাকা একটি শিশুকে কোলে তুলে বিমান থেকে নামার সময় চুমু দিতে দেখা গেছে। জানা যায়, ওই বিমানে করে ইউক্রেনের একটি ইহুদী অনাথ আশ্রম থেকে ৯০ শিশুকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।
