বইমেলায় করোনা নিয়ে বই

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৯:৪৫

এবার বইমেলায় করোনা নিয়ে যে প্রকাশিত বই এসেছে। করোনা কালের দুঃসহ স্মৃতিগুলো লেখকরা তুলে এনেছেন তাদের গল্প, উপন্যাস, প্রবন্ধ কিংবা কবিতায়। এছাড়া, করোনা নিয়ে চিকিৎসা বিজ্ঞানের তথ্যসমৃদ্ধ বইও প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। পাঠকরাও আগ্রহভরে কিনছেন বইগুলো। 

প্রকাশকরা জানালেন, করোনা মহামারি নিয়ে গত বছর কিছু প্রকাশ পেলেও মেলা ঠিক মত না চলায় সে বই পাঠকের হাতে পৌঁছায়নি। এবার বইগুলো বেশ ভালো বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তারা। করোনা নিয়ে উল্লেখযোগ্য কয়েকটি বই মাওলা ব্রাদার্স থেকে এসেছে  বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটলজি বিভাগের চেয়ারম্যান ও বিখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের ‘কোভিড-১৯’। করোনাকাল শুরুর পর থেকে বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত তার করোনা বিষয়ক বাছাই করা কলামগুলোর সংকলন বইটি।

প্রথমা প্রকাশ করেছে ‘কোভিড-১৯ করোনাভাইরাস: যা জানা দরকার’ শীর্ষক বই। ড. মাইকেল মোসলি রচিত বইটি ভাষান্তর করেছেন আবুল বাসার। জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের দুইটি বইতে এবার উঠে এসেছে ‘করোনা ও করোনাকাল’। পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশ হয়েছে লেখকের ‘করোনাকালের কৌতুক’ শিরোনামের আরেকটি বই। অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী রচিত ‘করোনা ভাইরাসের সঙ্গে মাদক ও তামাকের সম্পর্ক’ বই প্রকাশ হয়েছে আগামী থেকে। প্রথমা থেকে এসেছে রাশেদ আল মাহমুদ তিতুমীর রচিত ‘যুদ্ধের কাল থেকে করোনাকাল: বাংলাদেশের পঞ্চাশ বছরের রাজনৈতিক অর্থনীতি’ বই।

বাংলানামা থেকে প্রকাশ হয়েছে ওয়াদুদ খানের ‘করুণাহীন করোনার দিন’ শিরোনামে উপন্যাস। কথাপ্রকাশ থেকে প্রকাশ হয়েছে খসরু পারভেজ সম্পাদিত ‘করোনা কালের কবিতা: আরও এক বিপন্ন বিস্ময়’ শিরোনামে কবিতার বই। একই প্রকাশনা থেকে বের হয়েছে আবু মো. দেলোয়ার হোসন রচিত ‘করোনাকালীন ভাবনায় সেকাল-একাল’ বইটি। ঐতিহ্য নিয়ে এসেছে সাভোয় জিজেক রচিত ‘প্যানডেমিক ২: ক্রনিকলস অব অ্যা টাইম লস্ট’ বই। বইটি অনুবাদ করেছেন ড. মাসুদ আলম। এ ছাড়া ভোরের কাগজ প্রকাশন এনেছে শ্যামল দত্তের লেখা ‘করোনা কাহিনী’ বইটি। পাওয়া যাচ্ছে ভোরের কাগজ প্রকাশনের স্টলে।

সমবায় অধিদপ্তরের দুটি বই

মেলায় সমবায় অধিদপ্তর মুজিববর্ষ উপলক্ষে প্রকাশ করেছে গবেষণা গ্রন্থ ‘বঙ্গবন্ধু ও সমবায়: একটি ঐতিহ্য অনুসন্ধান’ এবং ‘নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সরকার: প্রসঙ্গ সমবায়’। বই দুটো পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বরে সমবায় অধিদপ্তরের স্টলে। সমবায় অধিদপ্তর থেকে প্রকাশিত আরও কিছু বইয়ের মধ্যে রয়েছে- ‘নারীর ক্ষমতায়নে সমবায়: অর্জন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’, ‘সমবায়ের বহুমাত্রিকতা’, ‘সমবায়ের আধুনিকতা’, ‘একখন্ড বাংলাদেশ’, ‘গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে সমবায়’, ‘হাত বাড়ালেই সমবায়’, ‘হাতের মুঠোয় সমবায়’ প্রভৃতি।

বইমেলার অবস্থাপনা দ্রুত নিরসনের দাবি প্রকাশকদের

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নেতৃবৃন্দ গতকাল বিকালে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের সঙ্গে দেখা করে বইমেলায় যত অনিয়ম রয়েছে তা নিরসনে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এসময় নেতৃবৃন্দ বলেন, বইমেলায় যত্রত্রত আইসক্রিমের স্টল বসানো হয়েছে, অবৈধভাবে খাবারের দোকানের পজিশন বিক্রি করা হয়েছে। অথচ ভালো প্রকাশকদের মেলার আনাচে কানাচে স্টল বরাদ্দ কার হয়েছে। বইমেলা পরিচালনা কমিটির এসব সমস্যা দ্রুত নিরসনের তাগিদ দেন নেতারা।

মেলামঞ্চে অনুষ্ঠান: বইমেলার মূলমঞ্চে গতকাল অনুষ্ঠিত হয় জন্মশতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি: নীলিমা ইব্রাহিম শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন নিশাত জাহান রানা। আলোচনায় অংশগ্রহণ করেন আজিজুর রহমান আজিজ এবং আহমেদ মাওলা। সভাপতিত্ব করেন মনিরুজ্জামান।

নতুন বই: গতকাল মেলায় নতুন বই এসেছে ৪৬টি। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-গ্রন্থকুটিরের ড. বিনয় কুমার চক্রবর্তীর ‘ঠিকানা’, ঐতিহ্যের আতিউর রহমানের ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির সংগ্রাম’, জাকারিয়া পলাশের ‘পাটশিল্পের ইতিহাস’, জান্নাতুল নাঈম পিয়াল অনূদিত ‘নারীর কলমে নারী’, পাঠক সমাবেশো আঁখি সিদ্দিকার ‘... এবং তাহারা’, শোভা প্রকাশের ড. বেলাল হোসেন সম্পাদিত ‘মৈমনসিংহ গীতিকা: শতবর্ষের পড়া-পাঠ’, পাঞ্জেরী পাবলিকেশন্সের এনেছে রফিকুর রশীদের ‘ভূতের যত ভয়’ প্রভৃতি।

ইত্তেফাক/এএএম