৭ মার্চের ভাষণ বিশ্বের স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণা: পররাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৫:৪৬

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সারমর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি এই ভাষণকে কেবল বাঙালির স্বাধীনতার শক্তি হিসেবেই নয়, বরং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেন।

সোমবার ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ভাষণ ইতোমধ্যে জাতিসংঘের ছয়টি সরকারি ভাষায় অনূদিত হয়েছে। এটি আরও বহুভাষায় অনূদিত হবে। 

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মর্মবাণী বিশ্বের সব মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের ৮১টি মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশের ১৯৭১ সালের পরোক্ষ স্বাধীনতার ঘোষণা হিসেবে বিবেচিত বঙ্গবন্ধুর এই গুরুত্বপূর্ণ ভাষণ ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৭ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাস্কৃতিক সংস্থা ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে।