ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন এবং মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে শতশিল্পীর তুলিতে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের ছবি ‘বজ্রকন্ঠ’ আঁকা হল। সোমবার (৭ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ‘বঙ্গবন্ধুকে জানো’ শিরোনামে ছবি আঁকার এ আয়োজন করা হয়।
ঐতিহাসিক ৭ মার্চ এবং মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে দুপুরে এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান।
৮ ফুট বাই ৪ ফুট ক্যানভাসে ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ছবি আঁকেন চারুশিল্পী জ.ই সুমনের নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু ও ঐতিহাসিক ৭ মার্চ সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানোর জন্যই ৭ মার্চ পালন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে এই ছবি আঁকার আয়োজন করা হয়।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান মিন্টু, রোবেল মাহমুদ, শেখ আব্দুল আওয়াল, ফাতেমা সামাদ বৃষ্টি প্রমুখ।
