টানা ১২ দিনের মতো চলছে ইউক্রেন-রাশিয়ার সংঘাত। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এরি মধ্যে আজ সোমবার (৭ মার্চ) রাশিয়া বলেছে, ইউক্রেন দাবি মানলে সঙ্গে সঙ্গেই সামরিক অভিযান বন্ধ করা হবে।
রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন, ক্রিমিয়াজে রাশিয়ার অংশ হিসেবে মানতে হবে ইউক্রেনকে।
তিনি আরও বলেন, ইউক্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া লুহানস্ক এবং দোনেতস্ক অঞ্চল দুটোকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মেনে নিতে হবে।
এছাড়া পেসকভ বলেছেন, ইউক্রেন ন্যাটো বা অন্য কোনো জোটের অংশ হতে পারবে না, এবং সে ব্যাপারে দেশের সংবিধান সংশোধন করতে হবে।
তিনি বলেন, এসব দাবি মেনে নিলে এই মুহূর্তে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করে দেবে রাশিয়া।
তবে, পেসকভ বলেন, রাশিয়া অবশ্যই ইউক্রেনের ‘নিরস্ত্রীকরণ’ নিশ্চিত করবে।
ক্রেমলিনের মুখপাত্র এমন দিনে রাশিয়ার এসব দাবি নতুন করে তুলে ধরলেন যেদিন দুই দেশের প্রতিনিধিরা যুদ্ধ বিরতির লক্ষ্যে আজ বেলারুশে তৃতীয়বারের মত বৈঠক করছেন।
জানা গেছে বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে তুরস্কের আনাতলিয়ায় মুখোমুখি একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।
