খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

আপডেট : ০৭ মার্চ ২০২২, ২৩:১৮

খুলনায় দুর্বৃত্তের গুলিতে মো. রাজা শেখ (৩৯) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (৭ মার্চ) রাতে নগরীর মোস্তফার মোড় সংলগ্ন ইসলাম নগর এলাকার সেভ ড্রিংকিং ওয়াটারের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রাজা শেখ মোস্তফার মোড় এলাকার তোরাপ শেখের ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সোয়া ৮টার দিকে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে রাজু শেখের মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হরিণটানা থানার ওসি ইমদাদুল হক জানান, নিহত রাজা শেখ মুক্তযোদ্ধা শাহাদাৎ হত্যা মামলার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তবে, কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তার কারণ অনুসন্ধানসহ হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

ইত্তেফাক/এমআর