‘রাশিয়া যাওয়ার’ করিডরের অনুরোধ জানাননি ম্যাক্রঁ

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৬:৩১

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রবিবার ফোনালাপ করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে এ নিয়ে চারবার তারা টেলিফোনে কথা বললেন। এ ব্যাপারে প্রেসিডেন্ট দপ্তরের এক কর্মকর্তা জানান, সর্বশেষ তারা ১ ঘণ্টা ৪৫ মিনিট ধরে আলোচনা করেন। তবে এই ফোনালাপে রাশিয়ার দিকে যাওয়া ‘করিডরের’ অনুরোধ জানাননি বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।

বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ, দ্বিতীয় জনবহুল শহর খারকিভ, বন্দরনগরী মারিওপোল ও পূর্বাঞ্চলীয় শহর সুমাইয়ে সোমবার অস্ত্রবিরতির ঘোষণা দেয় রাশিয়া। এই চারটি শহরের বেসামরিক লোকজন যাতে নিরাপদে সরে যাওয়ার সুযোগ পায়, তা নিশ্চিত করতেই এই অস্ত্রবিরতি কার্যকর হবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। বড় ধরনের বিপর্যয়ের মুখে থাকা এই শহরগুলোর পরিস্হিতি বিবেচনায় ম্যাক্রঁর ব্যক্তিগত অনুরোধে এসব শহরে অস্ত্রবিরতি কার্যকরের এই ঘোষণা দিয়েছে মস্কো।

বার্তা সংস্হা আরআইএর প্রকাশিত মানচিত্র অনুযায়ী, কিয়েভ থেকে মানবিক সহায়তার করিডর বেলারুশের দিকে যাবে এবং খারকিভের বেসামরিক বাসিন্দারা শুধু রাশিয়ার দিকে যাওয়া একটি করিডোর ব্যবহার করতে পারবে। মারিওপোল ও সুমাই থেকে বের হওয়ার করিডোর শহর দুটির বেসামরিকদের ইউক্রেনের অন্যান্য শহর ও রাশিয়ায় নিয়ে যাবে।

বিএফএমটিভিকে ম্যাক্রঁর দপ্তর থেকে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রাশিয়ার কাছে করিডরের অনুরোধ জানাননি। প্রেসিডেন্ট দৃঢ়ভাবে বেসামরিক লোকজনকে চলে যেতে দেওয়ার ও ত্রাণবহর প্রবেশের অনুমতির অনুরোধ জানিয়েছেন।

 তিনি বলেন, ‘এটি পুতিনের নিজের বক্তব্যকে সামনে আনার আরেকটি রাস্তা আর বলা যে, ইউক্রেনীয়রাই আক্রমণকারী এবং তারা হচ্ছে সেই জন যারা সবাইকে আশ্রয় দেয়।’ 

ইত্তেফাক/এসআর