সিরাজগঞ্জের তাড়াশে মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালা দেওয়া কেন্দ্র করে মাগুড়া মকন্দ পাড়ায় এক পক্ষের ১০টি বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে তিন জনকে।
রবিবার (৬ মার্চ) মাগরিব থেকে এশা পর্যন্ত চলে এই ভাঙচুর ও মারধরের ঘটনা। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন—আব্দুল জলিল, ছাইদুর রহমান ও বকুল হোসেন।
তাড়াশ থানা পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার দ্বন্দ্বের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আহতদের উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুড়া ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসে এ অভিযোগ তুলে একটি পক্ষ ঐ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুমন খান বলেন, গুরুতর আহদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. ফজলে আসিক বলেন, থানায় বা আদালতে মামলা হলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
