সব নারীর গল্প বলতে আসছে ‘সাবরিনা’

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৭:৪০

‘মহানগর’ খ্যাত নির্মাতা আশফাক নিপুণ। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ দ্বিতীয় ওয়েব সিরিজ নিয়ে আসছেন তিনি। নাম ‘সাবরিনা’। আর এতে প্রথমবারের মতো ভারতের কোন ওটিটি প্রজেক্টে কাজ করলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ঢাকায় আনুষ্ঠানিকতা করেছে হইচই কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রকাশ হয়, সিরিজটির টিজার। এই মার্চেই সিরিজটি উন্মুক্ত হচ্ছে অ্যাপটিতে। ৮ মার্চ বিশ্ব নারী দিবস বলেই এটি প্রকাশ হলো বলে জানান সংশ্লিষ্টরা।

এ সময় সঙ্গে ছিলেন আশফাক নিপুণ, মেহজাবীন চৌধুরী,নাজিয়া হক অর্ষা, রুনা খান প্রমুখ।

আশফাক নিপুন জানান, সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দুজনের নামই সাবরিনা। এই দুই সাবরিনার গল্প বলার মাধ্যমে আমাদের সমাজের সব নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে ‘সাবরিনা’তে।

সব নারীর গল্প বলতে আসছে ‘সাবরিনা’

মেহজাবীন চৌধুরী বলেন, ‘এতে আমাদের সামাজিক প্রেক্ষাপটের বাস্তব চিত্র তুলে ধরা হলো। এই সিরিজটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। অভিনয়শিল্পী হিসেবে আমি সবসময়ই একজন নারীর অনুভূতিকে প্রাধান্য দিয়ে থাকে, এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। সাবরিনাতে এমন একটি গল্প বলা হয়েছে, যা প্রকৃতপক্ষে শুধু একজন নারী নয় বরং আমাদের সমাজের সব নারীর গল্প।’

সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী ও সৈয়দ জামান শাওন।