পটুয়াখালী-বরগুনা জেলা কমিটি নিয়ে প্রশংসায় ভাসছে যুবলীগ

আপডেট : ০৮ মার্চ ২০২২, ২০:৩৮

নিকট অতীতে দেখা গেছে যুবলীগ-ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন ইউনিটের কমিটি হলেই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা শুরু হয়। সদ্য নির্বাচিত নেতাদেরকে নিয়েও শুরু হয় নানাধরণের সমালোচনা। পটুয়াখালী ও বরগুনা জেলা যুবলীগের কমিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (৮ মার্চ) দুপুর থেকে সমালোচনার পরিবর্তে সাধুবাদ ও প্রশংসা এসেছে চোখে পড়ার মতো।

গত ৬ মার্চ (রবিবার) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পটুয়াখালী ও বরগুনা জেলা যুবলীগের ২১ ও ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আংশিক কমিটি ঘোষিত হয়। যেখানে পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি এ্যাড. সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ সোহেল, বরগুনা জেলা যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম এটম, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

কমিটি ঘোষণার পরপরই পটুয়াখালী ও বরগুনার বিশিষ্টজনদের প্রশংসা কুড়োচ্ছে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। পাশাপাশি নতুন নেতাদের জানানো হচ্ছে শুভেচ্ছা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা ইউনিট কমান্ড এর কমান্ডার আলহাজ্ব আঃ রশিদ মিয়া’র স্বাক্ষরে অফিসিয়াল প্যাডে বরগুনা জেলা যুবলীগের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়; যে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 
শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় লেখা হয়, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বরগুনা জেলা শাখার মো. রেজাউল কবির এটমকে সভাপতি এবং আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা শাখার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং নর্ব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা।’

বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ বরগুনা জেলা যুবলীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। 

এছাড়া বরগুনা জেলার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বরগুনা জেলা যুবলীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককেও এমন সময়োপযোগী কমিটি গঠনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। 

ইত্তেফাক/এসজেড