কুমিল্লায় স্কুলছাত্র হত্যায় ৩ বন্ধুর যাবজ্জীবন

আপডেট : ০৮ মার্চ ২০২২, ২৩:৫৮

কুমিল্লায় জাহিদ হাসান নামে এক স্কুলছাত্রকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার দায়ে তিন বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার এই রায় দেন। বাদীপক্ষের আইনজীবী কামরুজ্জামান বাবুল ও মো. আবদুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহিদ হাসান জেলার হোমনা উপজেলার সাপলেজি গ্রামের ব্যবসায়ী মো. আক্তারুজ্জামানের ছেলে ও দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার হোমনা উপজেলার ভিটিকালমিনা গ্রামের মো. মজিবুরের ছেলে মো. জিহাদ হোসেন (১৯), মো. হাফেজ হোসেনের ছেলে এমদাদ হোসেন (১৭) ও মুরাদনগর উপজেলার দুলালপুর গ্রামের মো. শাহ জালালের ছেলে মো. খাইরুল ইসলাম (১৭)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের গত ৪ নভেম্বর নবম শ্রেণির ছাত্র মো. জাহিদ হাসানকে বাড়ির পাশ থেকে কৌশলে অপহরণ করা হয়। অপহরণকারীরা ৬ নভেম্বর সন্ধ্যায় ওই ছাত্রের চাচা মাসুদ রানার মোবাইল ফোনে কল দিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি মাসুদ রানা জাহিদের পরিবারকে জানালে তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করে এবং বিষয়টি থানায় জানায়। এরপর মোবাইল কললিস্টের সূত্রধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাহিদ হাসানের তিন বন্ধু জিহাদ হোসেন, এমদাদ ও খাইরুলকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মুক্তিপণ দাবি ও জাহিদ হাসানকে হত্যা করে স্কুলের সেপটিক ট্যাংকে লাশ ফেলে রাখার কথা স্বীকার করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতর থেকে জাহিদ হাসানের লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় জাহিদ হাসানের বাবা মো. আক্তারুজ্জামান বাদী হয়ে হোমনা থানায় মামলা করেন। এদিকে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. খাইরুল ইসলাম উপস্থিত থাকলেও অপর দুই আসামি জিহাদ হোসেন ও এমদাদ হোসেন পলাতক রয়েছেন। 

 

ইত্তেফাক/ইউবি