পার্লামেন্টে জেলেনস্কির উদ্দেশে যা বললেন ব্রিটিশ নেতারা

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০০:৪০

ব্রিটিশ পার্লামেন্ট হাউস অফ কমন্সে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লাইভ ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া তার বক্তব্যের পর কথা বলেছেন যুক্তরাজ্যের নেতারা। তারা জেলেনস্কি ও ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। খবর প্রকাশ করেছে বিবিসি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘সাধারণ ইউক্রেনীয়রা তাদের সাহসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করছে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য ও মিত্ররা ইউক্রেনের জন্য সামরিক অস্ত্র সরবরাহ করবে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের আক্রমণের বিরুদ্ধে চাপ বাড়াতে দৃঢ় প্রতিজ্ঞ।’

পুতিন এই লড়াইয়ে ব্যর্থ না হওয়া পর্যন্ত এবং ইউক্রেন আরও একবার মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য সম্ভাব্য প্রতিটি পদক্ষেপ ব্যবহার করবে বলেও জানান বরিস জনসন।

যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা স্যার কেয়ার স্টারমার বলেছেন, ‘আমরা প্রত্যেকেই প্রেসিডেন্ট জেলেনস্কির সাহসিকতা, সংকল্প এবং নেতৃত্ব দ্বারা অনুপ্রাণিত। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে, স্বাধীনতা এবং গণতন্ত্র অমূল্য।’

‘তিনি (জেলেনস্কি) তার শক্তি দেখিয়েছেন এবং আমাদের অবশ্যই তাকে ও ইউক্রেনীয় জনগণকে সমর্থন দেখাতে হবে। ইউক্রেনের জয় হোক’, যোগ করেন তিনি।

পরে এসএনপি নেতা ইয়ান ব্ল্যাকফোর্ড প্রধানমন্ত্রী বরিস জনসন এবং স্যার কেয়ার স্টারমারের কথার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কি, আমরা আপনাকে স্যালুট জানাই।’

ইয়ান ব্ল্যাকফোর্ড বলেন, ‘যুক্তরাজ্য সরকার ইউক্রেনের জনগণের পাশে দাঁড়াচ্ছে এবং রাশিয়ার নিন্দা জানায়। ইউক্রেনে শান্তি, ন্যায়বিচার এবং সার্বভৌমত্ব অবশ্যই ফিরে আসবে।’

ইত্তেফাক/টিএ