ঢাকায় এফএওর আঞ্চলিক সম্মেলন শুরু: টেকসই কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তোলায় অগ্রাধিকার

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০০:৫৫

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের (এপিআরসি) প্রথম দিনে গতকাল বক্তারা বিশ্বে জলবায়ু পরিবর্তন ও করোনা মহামারির মধ্যে টেকসই কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তোলার ওপর অগ্রাধিকার দিয়েছেন। তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার থাকলে করোনার মতো মহামারি খুব বেশি ক্ষতি করতে পারবে না।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে চার দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশে প্রথম বারের মতো এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  সম্মেলনের কৃষিসচিব ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের প্রথম দুই দিনের সেশন উদ্বোধন করেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম। এ সময় খাদ্যসচিব মোছাম্মত্ নাজমানারা খানুম, এফএওর সহকারী মহাপরিচালক জং-জিন কিম, কনফারেন্স সেক্রেটারি শ্রীধর ধর্মপুরীসহ অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে কৃষিসচিব বলেন, এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর কৃষি জলবায়ু পরিবর্তনের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশের কৃষিতেও এর বিরাট প্রভাব পড়বে। এ অবস্থায়, এ সম্মেলন সদস্য দেশসমূহের মধ্যে জ্ঞান, প্রযুক্তি, অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র প্রসারিত করবে ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

এফএওর সহকারী মহাপরিচালক জং-জিন কিম তার বক্তব্যে সম্মেলনে আঞ্চলিক সহযোগিতার জন্য চারটি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান। তিনি বলেন, উন্নত উৎপাদন, উন্নত পুষ্টি, উন্নত পরিবেশ ও উন্নত জীবনের জন্য কৃষিখাদ্য ব্যবস্থাকে টেকসই করা, জীববৈচিত্র্য রক্ষা করে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার ও জলবায়ুসহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, চার দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ১১ মার্চ। এ সম্মেলনে ৪৩টি দেশ (৮টি সরাসরি ও ৩৫টি ভাচু‌র্য়ালি) ও এসব দেশের প্রধানমন্ত্রী/মন্ত্রী/প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। আগামী ১০ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ইত্তেফাক/ইউবি