কোর অব সিগন্যালসের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হলেন সেনাপ্রধান শফিউদ্দিন

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০১:২৯

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আধুনিক যুদ্ধে উপযুক্ত সিগন্যাল যোগাযোগ ও কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ যুদ্ধক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। যুদ্ধের প্রচলিত মাত্রা জল, স্থল ও আকাশ ছাড়িয়ে এখন প্রসারিত হয়েছে ইলেকট্রনিক ও সাইবারস্পেসে । সিগন্যাল যোগাযোগ, তথ্যপ্রযুক্তির ব্যবহার, তথ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার যুদ্ধ ও ইলেকট্রনিক যুদ্ধে শত্রুর ওপর আধিপত্য বিস্তারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বিজয় অর্জনে সহায়তা করাই সিগন্যালস কোরের মূল লক্ষ্য। আশা করি, আধুনিক যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির ওপর সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এই কোর আরো সামনে এগিয়ে যাবে।

যশোর সেনানিবাসে অবস্থিত ‘সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে, গতকাল মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ‘১০ম কর্নেল কমান্ড্যান্ট’হিসেবে অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সেনাবাহিনী প্রধানকে গৌরবমণ্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট র‌্যাংক-ব্যাজ’ পরিয়ে দেওয়া হচ্ছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন| সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে গৌরবমণ্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট র‌্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও কোর অব সিগন্যালসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট প্রতিনিধিগণ এবং যশোর এরিয়ার বিভিন্ন পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/ইউবি