ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকে নারী ফুটবলের গল্প চান কিরণ

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০২:৩০

দেশের ক্রীড়াঙ্গনের নারী সংগঠক মাহফুজা আক্তার কিরণ ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকে নারী ফুটবলারদের গল্প তুলে আনার আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে একাদশ শ্রেণির ইংরেজি বইয়ের প্রথম পত্রে নারী ফুটবলারদের গল্প উঠে এসেছে। এটাকে সাধুবাদ জানিয়েছেন বাফুফের সদস্য কিরণ।

পাঠপুস্তকে নারী ফুটবলারদের গল্প নিঃসন্দেহে প্রেরণা দেবে। তবে কিরণ চাইছেন, নারী ফুটবলের গল্প যদি আরও নিচের দিকের পাঠ্যপুস্তকে উঠে আসে তাহলে সেটা আরও বেশি প্রভাব ফেলবে শিক্ষার্থীদের মধ্যে। ফিফার কাউন্সিল মেম্বার কিরণ বলেন, ‘ষষ্ঠ শ্রেণির পাঠপুস্তকে নারী ফুটবলারদের উঠে আসার গল্প ছাপা হলে ভালো হবে।’

কারণটাও তুলে ধরলেন কিরণ। তিনি বলেন, ‘ষষ্ঠ শ্রেণিতে যারা পড়াশোনা করে তারা যদি তহুরা, মারিয়া মান্দা, আঁখি, শিউলীদের গল্পটা পড়ে তাহলে এসব শিক্ষার্থীর মনের মধ্যেও ফুটবলের প্রতি আগ্রহ জন্মাবে। তাদের মধ্যে প্রভাব পড়বে। তাদের মধ্যে স্বপ্ন তৈরি হবে। ওই ছোট বয়সেই যদি ফুটবলে প্রবেশ করতে পারে তাহলে প্রতিভার বিকাশটা যেমন হবে, তেমনি আগামী দিনের ফুটবলার তুলে আনতেও যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। অল্প বয়সের মেয়েদেরকে শেখাতেও সুবিধা। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা যদি নিজেদের ক্লাসের বইয়ের পাতায় ফুটবলের গল্প পড়ে তাহলে সেটার একটা প্রভাব পড়বেই এবং এটাই কাজে লাগানো যায়।’

নারী দিবসে বক্তব্য রাখছেন মাহফুজা আক্তার কিরণ। ছবি: বাফুফে

তিনি আরও বলেন, ‘ফুটবলকে প্রোফেশন হিসেবে নিতে হবে। সম্প্রতি বাংলাদেশ নারী ফুটবল একাডেমি এএফসির তালিকায় অন্তভু‌র্ক্ত হয়েছে। ওয়ান স্টার এলিট ফুটবল একাডেমির তালিকায় বাংলাদেশের নাম উঠেছে। এটা নারী ফুটবলের জন্য উত্সাহব্যঞ্জক।’

এদিকে, জুনে ফিফার প্রীতিম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশের নারী ফুটবল দল। এরই মধ্যে একাধিক দেশের সঙ্গে কথাও বলেছে। তারা আমন্ত্রণ পাঠাতে বলেছে। বাফুফে গুয়াম, তাজিকিস্তান, কিরগিজস্তান, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরকে আমন্ত্রণ পাঠিয়েছে। কিন্তু এখনো কোনো দেশ খেলতে রাজি হয়নি। হ্যাঁ, না কোনোটাই জানায়নি। বাফুফে জানিয়েছে, জুনে ফিফার উইনডো রয়েছে, সেটি কাজে লাগাতে চায়। 

ইত্তেফাক/টিএ