ইউক্রেনের শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে আরও এক দফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (৯ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে এ যুদ্ধবিরতি। এসময় ইউক্রেনে রাজধানী কিয়েভ, সুমি, খারকিভ, মারিউপল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হবে। ইউক্রেনে চলমান অভিযানে এ নিয়ে তৃতীয় দফায় যুদ্ধবিরতির ঘোষণা দিলো মস্কো।
মঙ্গলবার (৮ মার্চ) ইউক্রেন প্রশাসন জানায়, সুমি থেকে ৫ হাজার বেসামরিক নাগরিককে সরানো হয়েছে। কিন্তু চেরিনিভ থেকে কোনো বেসামরিক সরানো সম্ভব হয়নি। সেখানে রুশ বাহিনী ক্রমাগত হামলা অব্যাহত রেখেছিলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো জানান, সুমির প্রায় ৫ হাজার মানুষ ও ১ হাজারের বেশি ব্যক্তিগত গাড়ি ইতোমধ্যে নিরাপদ স্থানে পৌঁছানো হয়েছে।
বুধবার (৯ মার্চ) ভোরে নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ফুটেজে টিমোশেঙ্কো দেখিয়েছেন, রাতের বেলা মানুষ সুমির একটি রেলস্টেশনে পৌঁছেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। এছাড়া ফুটেজটিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
রুশ সীমান্তের কাছে অবস্থিত সুমি শহর।
গত কয়েক দিন ধরে শহরটি ব্যাপকভাবে রুশ বোমা হামলার কবলে পড়ে।
স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন, রুশ বিমান হামলায় সোমবার একদিনেই সুমি শহরে তিন শিশুসহ ২২ জন নিহত হয়।
