গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর টানা দুই সপ্তাহের মতো দেশ দুইটির মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ, ইউক্রেনে রাজধানী কিয়েভের উত্তর ও উত্তর পশ্চিমদিকে রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে সেখানে প্রচণ্ড লড়াই চলছে। বুধবার (৯ মার্চ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির একজন সংবাদদাতা জানাচ্ছেন, কিয়েভের বিশেষ করে পশ্চিম দিকে তীব্র লড়াই হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে ইউক্রেনের চেকপয়েন্টগুলোর ওপর অব্যাহতভাবে মর্টারের গোলাবর্ষণ হচ্ছে। তবে ইউক্রেনের সৈন্যরা বলছে, তারা তাদের অবস্থান ধরে রেখেছে এবং রুশ অগ্রাভিযান ঠেকিয়ে দিচ্ছে ।
ইউক্রেনের পার্লামেন্টের একজন সদস্য ইনা সোভসান বিবিসিকে বলেন, রুশরা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ঘটাতে হিমশিম খাচ্ছে।
ইউক্রেনের কর্তৃপক্ষ আরও বলছে, সংঘাতে এ পর্যন্ত ৫২টি শিশু নিহত হয়েছে।
