মতিঝিলের মডার্ন ম্যানসন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

আপডেট : ০৯ মার্চ ২০২২, ২০:৫৯

রাজধানীর মতিঝিলে ১৫তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন মডার্ন ম্যানসন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। বুধবার (৯ মার্চ) ভবনে সতর্কতামূলক সাইনবোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, ৫৩ মতিঝিলে অবস্থিত মডার্ন ম্যানসনটি অনেক পুরনো। এটি ১৯৬২ সালের ১৪নভেম্বর নির্মাণের অনুমতি দেওয়া হয়। 

ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. বজলুর রশিদ বলেন, দুদিন ভবনটির বেশকিছু কলাম পরীক্ষা করে দেখা হয়েছে। এগুলোর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় তলায় মোট ৫টি কলামে ফাটল দেখা গেছে। এগুলো দেখে মনে হয়েছে সতর্কতার জন্য ঝুঁকিপূর্ণ বলা দরকার। তাই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবে ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা সেটা ফায়ার সার্ভিস নির্ধারণ করবে না। এটা দেখবে বুয়েটের এক্সপার্ট টিম। মালিক পক্ষ বলেছে যে তারা বুয়েটের প্রকৌশলী দলকে আসতে বলেছে। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত বুয়েটের কোনো দল আসেনি।

মডার্ন ম্যানসনের নিচতলায় গ্লোবাল ইসলামী ব্যাংক এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় শাহজালাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা রয়েছে। এছাড়া অন্যান্য তলায় একাধিক ইনস্যুরেন্স, বেসরকারি কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ফায়ার সার্ভিস ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর গতকাল বিকাল থেকে শাহজালাল ইসলামি ব্যাংকের মালামাল ভবনটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

 

ইত্তেফাক/জেডএইচডি