পিরোজপুরের শ্বশুর বাড়িতে যুক্তরাজ্যের রামসগেট কেন্ট সিটির মেয়র

আপডেট : ১০ মার্চ ২০২২, ০১:৪০

যুক্তরাজ্যের রামসগেট কেন্ট সিটি মেয়র পিরোজপুরের পুত্রবধূ ব্যারিস্টার রৌশন আরা রহমান (দোলন) তার স্বামী রেজাউর রহমান জামানসহ গতকাল বুধবার (০৯ মার্চ) শ্বশুরবাড়িতে এসেছেন। দুপুরে হেলিকপ্টারযোগে তিনি জেলা স্টেডিয়ামে অবতরণ করেন। এ সময় পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা তাদের স্বাগত জানান। 

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) তিনি পৌর মেয়র প্রদত্ত এক নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। ১১ মার্চ সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে ইয়ুথ সোসাইটির সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং ইন্দুরকানী উপজেলায় একটি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করবেন। পিরোজপুরের পুত্রবধূ মেয়র ব্যারিস্টার রৌশন আরা রহমান শনিবার দুপুরে পূর্ব ভাণ্ডারিয়ায় শ্বশুরের গ্রামের বাড়িতে যাবেন। সেখানে এক দোয়া মাহফিল শেষে বিকালে চরখালীতে শ্বশুরের মামার বাড়িতে যাবেন। 

পিরোজপুরে পাঁচ দিন অবস্থানকালে তিনি শহরের সিআইপাড়ায় স্বামীর বাড়িতে থাকবেন। রামসগেট কেন্ট শহরের এই মেয়র দম্পতি ১৩ মার্চ হেলিকপ্টারযোগে মানিকগঞ্জের সিংগাইরে মেয়র ব্যারিস্টার রৌশন আরা রহমানের পিত্রালয় যাবেন এবং দুপুরে বিশেষ দোয়া ও সংবর্ধনায় অংশ নেবেন তারা। 

ইংল্যান্ডের রামসগেট কেন্ট শহরের মেয়র ব্যারিস্টার রৌশন আরা রহমানের জন্ম সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা কাশিমপুর কাঁঠাল বাগান গ্রামে। তার বাবার নাম রজ্জব আলী। ১৯৬৭ সালে ১৩ বছর বয়সে তালেবপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েন। সে সময়ে প্রকৌশলী বাবার হাত ধরে যুক্তরাজ্যে পাড়ি জমান মেয়র ব্যারিস্টার রৌশন আরা রহমান। তিনি লেখাপড়া শেষে যুক্তরাজ্যে হোটেল ব্যবসা শুরু করেন এবং লেবার পার্টির রাজনীতিতে যোগ দেন। এরপর রামসগেট শহরের কমিশনার নির্বাচিত হন। ২০১৭ সালে লেবার পার্টির ব্যানারে পার্লামেন্ট নির্বাচন করেন। সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও ২০১৯ সালের ১৪ মে যুক্তরাজ্যের রামসগেট কেন্ট শহরের মেয়র নির্বাচিত হন তিনি। 

ইত্তেফাক/ ইআ