মতিঝিলে ১৫তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন মডার্ন ম্যানসন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।
বুধবার (১০ মার্চ) ভবনে সতর্কতামূলক সাইনবোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, ৫৩ মতিঝিলে অবস্থিত মডার্ন ম্যানসনটি অনেক পুরোনো। এটি ১৯৬২ সালের ১৪ নভেম্বর নির্মাণের অনুমতি দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. বজলুর রশিদ বলেন, দুই দিন ভবনটির বেশকিছু কলাম পরীক্ষা করে দেখা হয়েছে। এগুলোর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় তলায় মোট পাঁচটি কলামে ফাটল দেখা গেছে। তাই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বুয়েটের বিশেষজ্ঞ দল।
মালিকপক্ষ থেকে বলা হয়েছে, তারা বুয়েটের প্রকৌশলী দলকে বিষয়টি খতিয়ে দেখতে আমন্ত্রণ জানিয়েছে। ভবনটিতে একাধিক বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ফায়ার সার্ভিস ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণার পর বুধবার বিকেল থেকে শাহজালাল ইসলামী ব্যাংকের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে।
