চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নটা অধরাই রয়ে গেলো পিএসজির। বাড়লো আরও অপেক্ষা। গতকাল বুধবার (৯ মার্চ) বাংলাদেশ সময় মধ্যরাতে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় পিএসজি। প্রথম লেগ ও ফিরতি লেগের প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও অবিশ্বাস্যভাবে হেরে গেছে তারা।
এর মধ্য দিয়ে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট থেকে ফরাসি জয়ান্টদের বিদায় নিশ্চিত হলো। আগের বছর সেমিফাইনাল খেললেও এবার শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো প্যারিসিয়ানদের। এমন পরাজয় মানতে পারছেন না পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি। এই হারের জন্য তিনি রেফারিকে দোষারোপ করছেন।
এদিন, সান্তিয়াগো বার্নাব্যুতে ৬০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল পিএসজি। অনেকেই ধরে নিয়েছিল, রিয়ালের বিদায় হতে যাচ্ছে। কিন্তু এটা যে চ্যাম্পিয়নস লিগ এবং দলটা রিয়াল মাদ্রিদ। এর পরের গল্পটা কেবল করিম বেনজেমার। তার ১৮ মিনিটের অবিশ্বাস্য হ্যাটট্রিক জাদুতে পিএসজিকে বিদায় করে শেষ আটে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ।
এমন হার মেনে নিতে পারছেন না পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো ও ক্রীড়া পরিচালক লিওনার্দো। তাদের অভিযোগ রিয়ালের করা প্রথম গোলটি নিয়ে। পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফিও রেফারিদের কাঠগড়ায় দাঁড় করালেন। ম্যাচের শেষ বাঁশি বাজতেই তিনি রেফারিদের ড্রেসিংরুমে ছুটে গেছেন!
স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা লিখেছে, শেষ বাঁশির পর ভিআইপি বক্স থেকে সিঁড়ি বেয়ে দ্রুত নেমে যান আল-খেলাইফি এবং রেফারিদের ড্রেসিংরুম কোন দিকে, সেটি জিজ্ঞেস করতে দেখা যায় তাকে। এ সময় তার চোখমুখ লাল হয়ে ছিল। কাতারি মালিক এতটাই রেগে ছিলেন যে, ভুল করে রিয়াল মাদ্রিদের প্রতিনিধি মেহিয়া দাভিলার কক্ষে ঢুকে পড়েন।
